আগস্ট ২০২৪ থেকে জুন ২০২৫ পর্যন্ত ৪৭১টি রাজনৈতিক সংঘাত ও সহিংসতায় ১২১ জন নিহত এবং ৫ হাজার ১৮৯ জন আহত হয়েছেন। এসব রাজনৈতিক সংঘাতের ৯২ শতাংশ ঘটনায় বিএনপি, ২২ শতাংশ আওয়ামী লীগ, ৫ শতাংশ জামায়াতে ইসলামী এবং ১ শতাংশ ঘটনায় এনসিপির সম্পৃক্ততা পাওয়া গেছে। আজ (সোমবার, ৪ আগস্ট) ধানমন্ডির মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
টিআইবির সিনিয়র রিসার্চ ফেলো শাহজাদা এম আকরাম বলেন, ‘ঢাকা শহরের ৫৩টি পরিবহন টার্মিনাল ও স্ট্যান্ড থেকে প্রতিদিন প্রায় ২ কোটি ২১ লাখ টাকা চাঁদাবাজি হয়।’
তিনি আরও বলেন, ‘বিদেশে পাচারকৃত সম্পদ ফেরত আনার ক্ষেত্রে সরকারের ভূমিকা আশাব্যঞ্জক নয়।’
‘নতুন বাংলাদেশ: কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছরের ওপর পর্যবেক্ষণ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সকাল ১১টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার 





















