বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে সরকার সর্বোচ্চ সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার তিনি জানান, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে পরিবার যা যা অনুরোধ করছে, সরকার তা গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
তিনি বলেন, “বেগম জিয়ার চিকিৎসার ব্যাপারে তাকে বিদেশে পাঠানোসহ পরিবারের অনুরোধ অনুযায়ী সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করছে।” তিনি আরও জানান, দেশের মানুষ খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া অব্যাহত রাখুক—এমন আহ্বান জানিয়েছে সরকার।
অন্যদিকে খালেদা জিয়াকে লন্ডনে নিতে কাতার সরকারের ব্যবস্থাপনায় থাকা একটি এয়ার অ্যাম্বুলেন্স ৯ ডিসেম্বর ঢাকায় অবতরণের অনুমতি চেয়েছে। অনুমতি পাওয়া গেলে ১০ ডিসেম্বর খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে যাত্রা করবে বলে জানা গেছে।
বিএনপি ইতোমধ্যেই জানিয়েছেন, খালেদা জিয়ার চিকিৎসা পরিস্থিতি দ্রুত জটিল হচ্ছে এবং দেশে যথাযথ চিকিৎসা সম্ভব নয়। এ কারণে তাঁকে বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে বারবার আবেদন করা হয়েছে।
সরকারি সূত্র বলছে, বিষয়টি নিয়ে সব দপ্তর সমন্বিতভাবে কাজ করছে এবং চিকিৎসাজনিত যে কোনো ধরনের সুবিধা দেওয়া হচ্ছে। রাজনৈতিক অঙ্গনে এই ঘটনাকে ঘিরে নতুন আলোচনা সৃষ্টি হলেও সরকার ও প্রশাসন বিষয়টিকে ‘মানবিক বিবেচনা’ হিসেবে দেখছে।
চিকিৎসা, ভ্রমণ অনুমতি এবং নিরাপত্তাজনিত সব বিষয়ই পর্যবেক্ষণে রয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট দপ্তর। শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার 






















