ঢাকা-ময়মনসিংহ রেল পথের গফরগাঁওয়ে ট্রেনের লাইট ইঞ্জিনের ধাক্কায় রূপচাঁন(৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (৪ জুলাই) ভোর সাড়ে ৫টায় গফরগাঁও গফরগাঁও রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত রূপচাঁন সুনামগঞ্জ জেলার ধমপাশা এলাকার খিডিল গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।
রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন জেলা থেকে বহু ভাসমান শ্রমজীবী মানুষ কাজের সন্ধানে গফরগাঁও স্টেশনে আসেন। তাঁরা দিনের বেলা বিভিন্ন মানুষের বাড়িতে কাজ করে রাতে রেল স্টেশনে রাত্রি যাপন করেন।
সোমবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি লাইট ইঞ্জিন গফরগাঁও রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ইঞ্জিনের ধাক্কায় ঐ শ্রমিক গুরুতর আহত হয়। পরে রেলওয়ে ফাঁড়ি পুলিশ সংশ্লিষ্টদের সহায়তায় আহতকে উদ্ধার করে প্রথমে উপজেলা গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
গফরগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোঃ হানিফ আলী বলেন, দুঃখ জনক ঘটনা। নিহতের লাশ ময়মনসিংহ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে।মরদেহ সনাক্ত হলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

















