জুলাই গণঅভ্যুত্থান দিবসে ময়মনসিংহের গৌরীপুরে জুলাই আন্দোলনের তিন শহীদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদেন করেছে উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার সকালে উপজেলার নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে ডৌহাখলা ইউনিয়নের চুড়ালি গ্রামে শহীদ বিপ্লব হাসানের কবর পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও গ্রামের জুলাই শহীদ নূরে আলম সিদ্দিকী রাকিব ও মইলাকান্দা ইউনিয়নের পূর্ব কাউরাট গ্রামের জুলাই শহীদ জুবায়ের আহমেদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হক, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলাল উদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী সালাহউদ্দিন সোহেল প্রমুখ।
প্রসঙ্গত: ২০২৪ সালের ২০ জুলাই গৌরীপুরের কলতাবাজারে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে তিনজন শহীদ হন।





















