চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চরপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরও দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে করে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চারজন।
গত শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে চরপাড়ার একটি গুদামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গুদামে বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস ভরার কাজ চলছিল। হঠাৎ এক পর্যায়ে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ঘটনাস্থলেই আগুনে পুড়ে গুরুতর দগ্ধ হন অন্তত ১০ জন শ্রমিক।
দগ্ধদের মধ্যে কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে গুরুতর আহত চারজনকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শ্রমিক মো. ইদ্রিস (২৭) ও মো. ইউসুফ (৩০)। এর আগে ঘটনাস্থলের গুদামের মালিক মাহবুবুল আলম (৪৬) ও আবু ছালেহ (৩৩) মারা যান।
ডাক্তাররা জানান, আহতদের অধিকাংশের শরীরের ৬০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। বাকি কয়েকজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে স্থানীয়দের অভিযোগ, ওই গুদামে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস রিফিল করা হতো। বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস ভরার কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও কোনো সুরক্ষা ব্যবস্থা রাখা হয়নি। তারা বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগে থেকেই অবহিত করা হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
দুর্ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, নিহত ও আহত পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে। নিরাপত্তা ব্যবস্থা না মেনে যদি সিলিন্ডার রিফিলের কাজ হয়ে থাকে, তবে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকে বলছেন, যথাযথ নিয়মকানুন ও নিরাপত্তা মানা হলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল।
স্টাফ রিপোর্টার 




















