নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে হেফাজতে ইসলামের মহাসমাবেশ শুরু হয়েছে।
আজ শনিবার (৩ মে) সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ৯টা থেকেই সমাবেশটি শুরু হয়। সংগঠনটির পূর্বঘোষিত মহাসমাবেশে ভোর থেকেই জড়ো হতে শুরু করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা। দুপুর ১টা পর্যন্ত চলবে সংগঠনটির এই মহাসমাবেশ।
সকালে সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, ঢাকা মহানগরী ও আশপাশের এলাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা বাসযোগে কিংবা পায়ে হেঁটে এসে সমাবেশে অংশ নিচ্ছেন। শাহবাগ, দোয়েল চত্বর ও নীলক্ষেতসহ বিভিন্ন দিক থেকে মিছিল আকারে সমাবেশস্থলে প্রবেশ করতে দেখা যায় তাদের।
হেফাজতের নেতারা জানিয়েছেন, মহাসমাবেশ সফল করতে ইতোমধ্যে দেশব্যাপী ব্যাপক প্রচার-গণসংযোগ চালানো হয়েছে। বিভিন্ন এলাকায় দাবি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে। তারা আশা করছেন, এই সমাবেশে লাখো মানুষের উপস্থিতি ঘটবে।
সমাবেশে হেফাজতের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি শীর্ষস্থানীয় আলেমরা বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
চার দফা দাবির মধ্যে রয়েছে:
১. নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল,
২. সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল,
৩. আওয়ামী সরকারের সময়ে করা সব মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরসহ সব গণহত্যার বিচার,
৪. ফিলিস্তিন ও ভারতে মুসলিম নিপীড়ন বন্ধের আন্তর্জাতিক পদক্ষেপ।





















