চক্ষুবিজ্ঞান হাসপাতালে চিকিৎসক, নার্স ও কর্মচারীদের চলমান কর্মবিরতিতে হামলার অভিযোগ উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার (২৮ মে) দুপুর ১২টার দিকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে একটি দল লাঠি ও রড নিয়ে কর্মবিরতিতে থাকা হাসপাতালকর্মীদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন চিকিৎসক ও নার্স আহত হন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের পরিচালক ডা. খায়ের আহমেদ চৌধুরী জানান, এর আগের দিন তাকে নিজ কক্ষে অবরুদ্ধ করে ওই দলটি ভাঙচুর চালায় এবং কয়েকজন আত্মহত্যার হুমকি দিয়ে শরীরে কেরোসিন ও পেট্রল ঢেলে দেন। পরে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিরাপত্তাহীনতার কারণেই চিকিৎসক, নার্স ও কর্মচারীরা আজ সকাল ৮টা থেকে কর্মবিরতিতে রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মবিরতির মধ্যে হঠাৎ হামলা চালানো হয়, এতে অনেকেই আহত হন। পরে সেনাবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা এসে পরিস্থিতি সামাল দেন।
এদিকে, কর্মবিরতির কারণে হাসপাতালের বহির্বিভাগের সেবা কার্যত বন্ধ রয়েছে। টিকিট বিক্রি না হওয়ায় অন্তত ৪০০ থেকে ৫০০ রোগী চিকিৎসা না পেয়ে ফিরে যান।






















