ময়মনসিংহের ধোবাউড়ায় চোখে টর্চলাইট ধরার মতো তুচ্ছ ঘটনায় নিয়ে ছুরিকাঘাতে এরশাদ আলী (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। শুক্রবার (৩১ অক্টোরব) সকালে উপজেলার পশ্চিম সোহাগীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এরশাদ আলী ওই গ্রামের মৃত হাছেন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম সোহাগীপাড়া গ্রামের মানিকের দোকানে যান এরশাদ আলী। এ সময় একই গ্রামের আবুল হোসেনের ছেলে সাকিব টর্চলাইটের আলো এরশাদের চোখে ফেললে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে এরশাদ আলী বাড়ি ফিরে যান।
পরে সাকিব ক্ষিপ্ত হয়ে তার সহযোগী শাহজাহানসহ কয়েকজনকে নিয়ে দল গঠন করে। শুক্রবার সকালে তারা ফোন করে এরশাদ আলীকে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর কথাকাটাকাটির এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় এরশাদ আলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ধোবাউড়া থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দোকানদার মানিক, সাকিব ও আশরাফকে আটক করেছে।
এ বিষয়ে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন সরকার বলেন, লাশ উদ্বার করে হাসাপাতলের মর্গে পাঠানো হয়েছে এবং এই ঘটনায় মামলার দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
স্টাফ রিপোর্টার 























