‘জীবাণুর রাজত্ব সর্বত্র। ঘরের ভেতরে, বাইরে, ধুলাবালিতে–সব জায়গায় জীবাণু লুকিয়ে আছে। এমনকি আপনার মানিব্যাগের টাকার ভেতরেও কিলবিল করছে অসংখ্য জীবাণু। ভাবুন, এই জীবাণুভরা হাত যখন মুখে দেন, তখন তা কতটা ভয়ংকর হতে পারে! তাই স্বাস্থ্য সুরক্ষায় আমাদের নিয়মিত হাত ধোয়ার অভ্যাস করা জরুরি বলে মন্তব্য করেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সানজিদা রহমান।
‘হাত ধোয়ার নায়ক হোন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার (১৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হাত ধোয়া প্রদর্শনী কর্মসূচির আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান এসব কথা বলেন।
ইউএনও আরও বলেন,হাত ধোয়ার অভ্যাস ছোটবেলা থেকেই গড়ে তোলা উচিত। মা-বাবা এবং পরিবারের বড়রাই পারেন শিশুদের মধ্যে এই সুন্দর অভ্যাসটি তৈরি করতে। সবাই মিলে যদি এই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলি, তাহলে জীবাণুর সহজ শিকার হওয়া থেকে আমরা বাঁচতে পারব। চলুন, আজই শুরু করি এই সহজ কাজটি এবং জীবাণুকে বোল্ডআউট করি।

আলোচনা সভার আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে হাত ধোয়া প্রদর্শনী এবং উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ আবুল কায়সার তালুকদারের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলার আমীর অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসান কিবরিয়া প্রমুখ। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।























