এ দেশের জনগণ ‘পিআর’ (আনুপাতিক) পদ্ধতিতে নির্বাচন বুঝে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এ ছাড়া জুলাইয়ের মধ্যে জুলাই সনদ প্রণীত না হলে তার জন্য অন্তর্বর্তীকালীন সরকার দায়ী থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে মিরপুরের পল্লবী থেকে মৌন মিছিলপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।
মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের স্মরণে সারা দেশে দলীয় কর্মসূচির অংশ হিসেবে মিরপুরের পল্লবীর বিআরটিসির বাস ডিপোর সামনে এ মৌন মিছিলের আয়োজন করা হয়।
তিনি বলেন, যারা আজকে সংস্কার কমিশনে গিয়ে আলোচনা করছে, খানা-পিনা খাচ্ছে সন্ধ্যা বেলায় চলে যাচ্ছে এবং কোনো সিদ্ধান্ত দিচ্ছে না তারা কারা? তারা কেউ ১৩ দল, কেউ ১৪ দল, কেউ বিভিন্ন রকমের দল যারা আওয়ামী লীগের সঙ্গেও বিভিন্ন সময় সংযোগে ছিল। তাদের বক্তব্য শুনে যদি সংস্কার কমিশনে সিদ্ধান্ত নিতে হয় জাতির জন্য দুর্ভাগ্য হবে। আমি বলছি না যে ওখানে সবাই আওয়ামী লীগের সঙ্গে ছিল কিন্তু কিছু কিছু দল ছিল যাদেরকে ওখানে আহ্বান করা হয়েছে, আমরা মানা করেছিলাম তাদের সঙ্গে বসে কীভাবে সংস্কারের আলোচনা করব কিন্তু সংখ্যায় অনেক, তাদেরকে নিয়ে তারা লাইভ করছে খানা-পিনা খাচ্ছে কোনো সিদ্ধান্ত ছাড়া বেরিয়ে যাচ্ছে। এভাবে আজকে জুলাই মাসের ১৮ তারিখ… যদি জুলাইয়ের ভেতরে জুলাই সনদ অর্থাৎ জাতীয় সনদ প্রণীত না হয় সেজন্য দায়ী থাকবে এই সংস্কার কমিশন, ঐকমত্য কমিশন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার।
স্টাফ রিপোর্টার 





















