জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের মিছিল ও স্লোগানে মুখরিত হয়েছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা।
গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। (৫ আগস্ট) মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুল্লাহেল মাজেদ বাবুর নেতৃত্বে ঈশ্বরগঞ্জ অডিটোরিয়ামের সামনে থেকে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরাও অংশ নেন।
পরে পৌর এলাকার পাটবাজারে দলীয় অস্থায়ী কার্যালয়ের সামনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আহ্বায়ক লুৎফুল্লাহেল মাজেদ বাবু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, অ্যাডভোকেট শাহজাহান সাজু, শাহজাহান জয়পুরী, রুহুল আমিন মাস্টার, আব্দুল্লাহ আল মামুন খোকন,শরিফ আবেদীন জায়েদী, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক জুলফিকার আলী টিপু, হায়দার আলী প্রমুখ।
আলোচনাসভায় লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই আন্দোলনের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয়েছিল। আমরা এ দিনে গণ-অভ্যুত্থানের সকল শহীদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি।’
তিনি আরও বলেন, গণতন্ত্র আজ বিপন্ন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ, কিন্তু তাঁর নেতৃত্বের শক্তি আমাদের প্রেরণা। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে আমরা আশাবাদী। সামনে কঠিন পথ—এই পথে ঐক্যই আমাদের প্রধান শক্তি।
এদিকে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে উপজেলা জামায়াতের আয়োজনে ও উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসানের নেতৃত্বে বিকেলে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই দিন বিকালে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ ইসলামি আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও ময়মনসিংহ-৮ আসনের হাতপাখা মনোনীত প্রার্থী মুফতি হাবিবুল্লাহ’র নেতৃত্বে সমাবেশ এবং গণমিছিল হয়েছে। এছাড়াও মিছিল করেছে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)।





















