টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ি বাজার এলাকায় বিএনপি নেতা এসএম আনিছুর রহমান উত্তমকে না পেয়ে তার স্ত্রীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম লিলি আক্তার (৪৫)। তিনি স্থানীয়ভাবে বিএনপি নেতার স্ত্রী হিসেবে পরিচিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুখোশধারী ৪-৫ জন সন্ত্রাসী হঠাৎ দোকানে প্রবেশ করে আনিছুর রহমানকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে তার স্ত্রীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা লিলিকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, রাজনৈতিক শত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না।
এদিকে এলাকায় হত্যাকাণ্ডের পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এ ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত দায়ীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার 






















