চট্টগ্রামের সীতাকুণ্ডে ডাকাতদের হাত থেকে লুট হওয়া কোরবানির ১২টি গরু উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই অভিযানে গ্রেপ্তার করা হয়েছে মো. তানজিদ হোসেন তামিম নামে একজনকে।
সোমবার (২৬ মে) উপজেলার ভাটিয়ারী এলাকায় অভিযান চালিয়ে এসব গরু উদ্ধার করা হয়। গ্রেপ্তার তানজিদ হোসেন ভাটিয়ারী এলাকার মো. আবু তাহেরের ছেলে।
পুলিশ জানায়, নোয়াখালীর হাতিয়া বাজার থেকে গরু কিনে চট্টগ্রামের হাটহাজারীর উদ্দেশে রওনা দেন ব্যবসায়ী আব্দুল্লাহ আল মাহফুজ। গত ২৫ মে ভোরে শীতলপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাক দিয়ে তাদের ট্রাকের গতিরোধ করে ডাকাতরা। এরপর দেশীয় অস্ত্রের মুখে গরুবাহী ট্রাক, নগদ ৭৪ হাজার টাকা, ছয়টি মোবাইল ফোন, গরু কেনার রসিদ ও গাড়ির কাগজপত্র লুটে নেয় তারা। এ সময় হামলার শিকার হন গরু ব্যবসায়ীরাও।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, সীতাকুণ্ড থানা পুলিশ ও জেলা ডিবির যৌথ অভিযানে গরুগুলো উদ্ধার করা হয় এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার ভিত্তিতে ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।





















