নেত্রকোনার আটপাড়া উপজেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুয়েল সাংমা।
মঙ্গলবার, ১৫ জুলাই সকালে নিজ কার্যালয়ে ওই শিক্ষার্থী মাহমুদুল জামান-এর হাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও প্রাথমিক খরচের জন্য আর্থিক সহায়তা তুলে দেন ইউএনও।
দীর্ঘদিন ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখছিলেন মাহমুদুল জামান। কিন্তু অর্থসংকট সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় তিনি ইউএনও বরাবর একটি আবেদন করেন।
সহায়তা পাওয়ার পর আবেগভরে মাহমুদুল বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও যখন টাকার জন্য ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছিল, তখন মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। ইউএনও স্যার আমার কথা শুনেছেন, বিশ্বাস করেছেন এবং পাশে দাঁড়িয়েছেন। তিনি শুধু সরকারি একজন কর্মকর্তা নন, আমাদের মতো আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য তিনি একজন অভিভাবক।”
ইউএনও রুয়েল সাংমা বলেন, “শিক্ষা হচ্ছে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। একজন মেধাবী শিক্ষার্থী যেন শুধুমাত্র টাকার অভাবে শিক্ষা থেকে পিছিয়ে না পড়ে—সেটা নিশ্চিত করতেই আমি পাশে দাঁড়িয়েছি। তার স্বপ্ন বাস্তবায়নে যদি আমার ছোট্ট সাহায্য কিছু কাজে আসে, সেটাই হবে সবচেয়ে বড় তৃপ্তি।”
জানা যায়, মাহমুদুল জামান ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো। তাদের সামর্থ্য সীমিত হলেও ছেলে যেন পড়ালেখা চালিয়ে যেতে পারে, সেই চেষ্টা করে যাচ্ছিলেন। ইউএনওর সহায়তা তাদের সেই লড়াইকে এগিয়ে দিলো অনেকটাই।





















