তরুণদের প্রযুক্তি দক্ষতা কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান। জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আয়োজিত আলোচনাসভায় তিনি এ আহ্বান জানান।
আজ (১২ আগস্ট) মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এ আলোচনাসভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইউএনও সানজিদা রহমান।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহাবুবুল আলম, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঈশ্বরগঞ্জ সমন্বয়ক সাকিবুজ্জামান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সানজিদা রহমান বলেন, প্রযুক্তি ব্যবহারের দক্ষতা তরুণদের বড় সম্পদ। এই দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান গড়ে তুললে শুধু ব্যক্তি নয়, সমাজ ও দেশও উপকৃত হবে।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, যুব সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সুধীজনেরা উপস্থিত ছিলেন। সহযোগিতায় ছিল ওয়াইপিএজি (YPAG) ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ। অনুষ্ঠান শেষে দু’জন ব্যক্তিকে সহজ কিস্তিতে ৬০ হাজার করে এক লাখ বিশ হাজার টাকা ঋণ প্রদান করা হয়।





















