“বন্ধুরা এসো মিলে প্রাণের বন্ধনে”— এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জে এসএসসি-১৯৯৫ ও এইচএসসি-১৯৯৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী, মতবিনিময় সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ মে ২০২৬) শ্যামগঞ্জ অডিটোরিয়ামে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাচের শতাধিক প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর একত্রিত হয়ে শৈশব-কৈশোরের স্মৃতিচারণ, পারস্পরিক কুশল বিনিময় এবং আনন্দঘন পরিবেশে মিলনমেলার আবহ সৃষ্টি হয়।
অনুষ্ঠানের শুরুতে আয়োজক সংগঠনের আহ্বায়ক সাখাওয়াত হোসেন (সাজু) স্বাগত বক্তব্য প্রদান করেন। পরে পবিত্র কুরআন তিলাওয়াত, গীতা পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল স্মৃতিচারণ পর্ব, মতবিনিময় সভা, খেলাধুলা, র্যাফেল ড্র, শিশুদের অংশগ্রহণমূলক অনুষ্ঠান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পুরনো দিনের স্মৃতি রোমন্থনের পাশাপাশি ভবিষ্যতে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আহ্বায়ক সাখাওয়াত হোসেন (সাজু) সাংবাদিকদের জানান, “বর্তমানে আমাদের সংগঠনটি আঞ্চলিক পর্যায়ে কার্যক্রম পরিচালনা করছে। তবে আমরা বন্ধুদের একটি শক্তিশালী প্ল্যাটফর্মে একত্রিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করা হবে।”
তিনি আরও জানান, এবারের আয়োজনে প্রায় ২০০ থেকে ২৫০ জনের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। আগামী বছর আরও বৃহৎ পরিসরে এই মিলনমেলার আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নে বিশেষ অবদান রাখায় মৃণাল, শাহীন, সালাম, খোকন, অজিত, তাহের, জিয়া, জিল্লুর, আজিজুল, একরাম, হাসিম, পিনাকী, শিউলি, দিবা, রফিকুল, মর্জিনা, দীপু, মাজহার, মাসুদ, এমদাদ, রাশিদ, আলাউদ্দিন, রুহুল, আমীন, স্বপন, সোলেমান, মনসুর, শরাফ, রশিদ, মুসা, আহাম্মদ, মিঠু ও মঞ্জিলসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানের সমাপনী পর্বে বিভিন্ন প্রতিযোগিতা ও ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আনন্দ, স্মৃতি আর বন্ধুত্বের উচ্ছ্বাসে ভরপুর এ মিলনমেলা অংশগ্রহণকারীদের কাছে হয়ে ওঠে এক অনন্য স্মরণীয় আয়োজন।
মোঃ মোরসালিন, নিজস্ব প্রতিবেদক 




















