ময়মনসিংহের ত্রিশালে সাধারণ ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে চাঁদাবাজ,কথিত সাংবাদিক নামধারী নিশুর বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) দুপুরে ত্রিশাল উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় ত্রিশাল বাজারের ব্যবসায়ী তোফাজ্জল হোসেন বলেন, “কথিত সাংবাদিক নিশু আমার দোকানে এসে জানতে চান, আমার দোকানে কোনো কারেন্ট জাল রয়েছে কি না। আমি বিষয়টি অস্বীকার করলে তিনি আমার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন এবং বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিতে থাকেন। এরপরও তিনি থেমে না থেকে আমার গুদামঘরসহ বিভিন্ন জায়গা তল্লাশি করেন। কিন্তু কোনো ধরনের অবৈধ কিছু না পাওয়ার পরও জোরপূর্বক কারেন্ট জাল থাকার অভিযোগ তোলেন। দীর্ঘদিন ধরে তিনি আমাদের নিয়মিত হয়রানি করে আসছেন। আমরা প্রশাসনের কাছে এ ধরনের কথিত সাংবাদিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি”।
ত্রিশাল বাজারের ব্যবসায়ী রনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। কিন্তু কিছু অসাধু ব্যক্তি সাংবাদিক পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করছে, যা প্রকৃত সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তারা এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
আয়োজিত মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, সে দীর্ঘদিন ধরে নিরীহ মানুষের চরিত্র বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে। এই নামধারী সাংবাদিকের কাছ থেকে আমরা স্বস্তি চাই।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
ত্রিশাল প্রতিনিধি 





















