জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে শাওন হাসান (১৩) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার সানন্দবাড়ী মন্ডলপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদে ওই শিক্ষার্থী নিখোঁজ হন।
শাওন হাসান উপজেলার পাররামরামপুর ইউনিয়নের দক্ষিণ মোয়ামারী গ্রামের সাইদুর রহমানের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ে নবম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে ১২ জন বন্ধুকে নিয়ে নদে গোসল করতে নামে শাওন। এক পর্যায়ে স্রোতের পানিতে তলিয়ে যায় সে। সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয় । পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘক্ষণ উদ্ধারের চেষ্টা করেন।
রোববার (৩১ মে) দুপুর পর্যন্ত ২৪ ঘন্টা পার হলেও নিখোঁজ শাওন হাসানকে উদ্ধার করা সম্ভব হয়নি।
জামালপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ডুবুরি দল বিকাল থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করা হয় কিন্তু তাকে কোথাও পাওয়া যায় নি।
পাররামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেকে সেলিম বলেন, শনিবার দুপুর থেকে নিখোঁজের ২৪ ঘন্টা পার হলেও তাকে উদ্ধার যায় নি। সে যেন দ্রুত উদ্ধার হয় সেটাই প্রত্যাশা করছি।
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি 



















