দীর্ঘ বিরতির পর দেশে ফের একজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে তিনজন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এক দিনের ব্যবধানে নতুন শনাক্ত তিনজন এবং সুস্থ হয়েছেন আরও তিনজন। মৃত্যুর তালিকায় যোগ হয়েছেন একজন।
সরকারি হিসাব অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৫১ হাজার ৭৩৯ জনে পৌঁছেছে। মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৫০০ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ২০ লাখ ১৯ হাজার ৩৬০ জন।
গত ২৪ ঘণ্টায় ২১ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ২৯ শতাংশ। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দেশে একদিনে সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যুবরণ করেন। ২০২২ সাল থেকে আক্রান্ত ও মৃত্যুহার কমে আসে। ২০২৪ সালের মাঝামাঝি থেকে চলতি বছরের ৩ জুন পর্যন্ত করোনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।




















