বলিউডের বহুল আলোচিত মাদককাণ্ডকে ঘিরে তৈরি ওয়েব সিরিজ দ্য ব্যাডস অব বলিউড প্রকাশের পর নতুন করে আইনি জটিলতায় জড়ালেন শাহরুখ খানের পরিবার। সিরিজটিতে নিজ চরিত্রকে নেতিবাচকভাবে উপস্থাপন করার অভিযোগ তুলে দিল্লি হাইকোর্টে মানহানির মামলা দায়ের করেছেন প্রাক্তন এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে।
মামলায় বিবাদী করা হয়েছে শাহরুখ ও গৌরী খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এবং সংশ্লিষ্ট আরও কয়েকজনকে। সমীরের দাবি, তার ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্য নিয়েই এই সিরিজ নির্মাণ করা হয়েছে। তিনি আদালতের কাছে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়েছেন, যাতে ভবিষ্যতে তার চরিত্রকে কেন্দ্র করে কোনো ধরনের কনটেন্ট প্রকাশ বা প্রচার করা না হয়। একইসঙ্গে তিনি ২ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন, যা ক্যানসার আক্রান্ত রোগীদের চিকিৎসায় দান করার ঘোষণা দিয়েছেন।
সিরিজটি ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পায়। নির্মাণে যুক্ত ছিলেন শাহরুখপুত্র আরিয়ান খান, যা তার প্রথম প্রজেক্ট হিসেবেই মুক্তি পেয়েছে। তবে মুক্তির পরপরই বিতর্ক শুরু হয়। প্রথম এপিসোডেই দেখা যায়, সাদা শার্ট–কালো প্যান্ট পরা এক অফিসার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। চরিত্রটির চেহারা ও আঙ্গিকে সমীর ওয়াংখেড়ের সঙ্গে মিল থাকায় দর্শকদের অনেকে সরাসরি তুলনা করেন। সেই দৃশ্য নিয়েই শুরু হয় তুমুল আলোচনার ঝড়।
প্রসঙ্গত, ২০২১ সালের ৩ অক্টোবর মুম্বাই থেকে মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন আরিয়ান খান। টানা ২৫ দিন কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান। পরে ২০২২ সালের মে মাসে তাকে সব অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। সেই বহুল আলোচিত ঘটনাই দ্য ব্যাডস অব বলিউড-এ তুলে ধরা হয়েছে।
ফলে আবারও শাহরুখ খান ও তার ছেলে আরিয়ানকে ঘিরে বলিউডে তৈরি হলো নতুন বিতর্ক, যা সরাসরি পৌঁছে গেছে আদালতের দোরগোড়ায়।
স্টাফ রিপোর্টার 

























