ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পর এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার (৯ জুলাই) রাজ্য সচিবালয় ‘নবান্ন’-এ অনুষ্ঠিত এই বৈঠকের পর তাকে ঘিরে বিজেপিতে যোগদানের জল্পনা নতুন করে শুরু হয়।
তবে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে প্রসেনজিৎ স্পষ্ট জানান, তাদের মধ্যে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। তিনি বলেন, কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের ১০০তম জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি, বাংলা চলচ্চিত্র শিল্পের বিভিন্ন সমস্যা এবং কিছু ব্যক্তিগত বিষয় নিয়েই মূলত আলোচনা হয়েছে।
দীর্ঘদিন ধরে বাংলা চলচ্চিত্র শিল্পের নানা সংকট ও উন্নয়নে সক্রিয় থাকলেও প্রসেনজিৎ কখনোই সরাসরি রাজনীতিতে যোগ দেননি। তবে রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন শীর্ষ রাজনৈতিক নেতার সঙ্গে তার বৈঠককে কেন্দ্র করে নানা জল্পনা তৈরি হয়েছে।
গত ৯ মে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন প্রসেনজিৎ। এছাড়া চলতি বছর তিনি ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হন।
এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও রাজ্য সফরের সময় প্রসেনজিতের বাসভবনে গিয়ে তার সঙ্গে বৈঠক করেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ বিজেপিতে যোগদানের গুঞ্জন আরও জোরালো করে। তবে সব ধরনের জল্পনা উড়িয়ে দিয়ে প্রসেনজিৎ জানিয়েছেন, রাজনীতিতে যোগদান নিয়ে কোনো আলোচনা হয়নি।

আন্তর্জাতিক ডেস্ক 

























