ঝিনাইদহ সদর উপজেলায় ধানক্ষেত থেকে ইছার উদ্দিন (৭০) নামে এক কৃষকের গলায় রশি পেঁচানো ও দুই পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার রাঙ্গিয়ারপোতা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
নিহত ইছার উদ্দিন ওই গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে। পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, বুধবার সন্ধ্যার পর তিনি বাড়ি থেকে বের হন খেজুর গাছ কাটার জন্য একজন গাছী খুঁজতে। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে স্থানীয় কৃষকরা পাশের ধানক্ষেতে তার নিথর দেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ডাকবাংলা পুলিশ ক্যাম্পের টু-আইসি, সহকারী উপ-পরিদর্শক কাজী বায়জিদ হোসেন বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি নিহত ব্যক্তির দুই পা বাঁধা এবং গলায় শক্ত করে রশি পেঁচানো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।”
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার পেছনে কারা জড়িত এবং কী কারণে এমন নৃশংস ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
স্থানীয়রা জানান, ইছার উদ্দিন একজন শান্ত স্বভাবের কৃষক ছিলেন। তার কোনো শত্রুতা বা বিরোধের খবর তারা জানেন না। এ কারণে হত্যাকাণ্ডটি রহস্যজনক বলে মনে করছেন অনেকে। গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং ঘটনাটি নিয়ে চলছে নানা গুঞ্জন।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে সিসিটিভি ফুটেজ ও মোবাইল কল রেকর্ড বিশ্লেষণ করা হচ্ছে। দ্রুতই সত্য উদ্ঘাটনের আশ্বাস দিয়েছেন তদন্ত কর্মকর্তারা।
স্টাফ রিপোর্টার 






















