বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা , ধর্মীয় মূল্যবোধ ও গণতন্ত্র রক্ষায় সকল শ্রেণী পেশার মানূষের ঐক্যবদ্ধ ভূমিকার বিকল্প নেই। রাষ্ট্র পরিচালনায় মুক্তিযুদ্ধের লক্ষ্য , ৯০ ও ২৪ এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা , ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই বিএনপির রাজনীতির মূল দর্শন। তিনি ধানের শীষ প্রতীককে ঐক্যের প্রতীকে পরিণত করার আহ্ববান জানান ।
বুধবার দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়নে মুক্তিযোদ্ধা কার্যালয়ে ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও পরলোকগত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন । পরে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ইউনিয়নের আলেম, ওলামা, ইমাম, মুয়াজ্জিন, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে । তিনি আলোকিত হালুয়াঘাট গড়তে সকলের সহযোগিতা কামনা করে বলেন ,বীর মুক্তিযোদ্ধারা যে লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন করেছিলেন ,তা বাস্তবায়ণ করা আমাদের সকলের নৈতিক দায়ীত্ব । তিনি বলেন,এমপি নির্বাচিত হলে তিনি হালুয়াঘাট ও ধোবাউড়ায় মুক্তিযুদ্ধের জাদুঘর প্রতিষ্ঠা করবেন । মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে আপোষহীনভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি ।
সভায় উপস্থিত আলেম-ওলামা ও মুক্তিযোদ্ধারা সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এমরান সালেহ প্রিন্সের পক্ষে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
গাজিরভিটা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলমের সভাপতিত্বে ও সদস্য সচিব সুরুজ্জামান সাগর এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল , মুক্তিযোদ্ধা কমাণ্ডার কাজিম উদ্দিন , বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন ,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ আকন্দ বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক,বীর মুক্তিযোদ্ধা হার্ডসন সাংমা প্রমুখ বক্তব্য রাখেন । যোগদান অনুষ্ঠানে ২০ জন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী ও ব্যবসায়ী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের প্রতি সমর্থন জানিয়ে বিএনপিতে যোগদান করেছেন । যোগদানকারীদের মধ্যে রয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি উমর আলী , ইউপি মেম্বার আবদুল মজিদ প্রমুখ ।
স্টাফ রিপোর্টার 




















