ময়মনসিংহের ধোবাউড়ায় সোনার ওজনে কারচুপির অভিযোগে অভিযান চালিয়ে ১০ জুয়েলারি ব্যবসায়ীকে মোট এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ জুন) বিকেলে ধোবাউড়া বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন।
ভ্রাম্যমাণ আদালতের তথ্য অনুযায়ী, অভিযানে বেশ কয়েকটি দোকানে সোনা পরিমাপের যন্ত্রে ওজন বিভ্রাট ধরা পড়ে। ব্যবসায়ীরা বছরের পর বছর একই যন্ত্র ব্যবহার করলেও তা বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত নয়। যন্ত্রগুলোর কোনোটিতেই বিএসটিআই স্টিকার পাওয়া যায়নি।
এছাড়া অনেক দোকানে আন্তর্জাতিক মান অনুযায়ী গ্রামে সোনা না মেপে সনাতন পদ্ধতিতে ওজন করা হচ্ছিল। দোকানগুলোতে মূল্য তালিকা বা ক্যাশ মেমোর ব্যবস্থা ছিল না।
এইসব অনিয়মের কারণে সংশ্লিষ্ট ১০ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ বিভিন্ন আইনের আওতায় জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন বলেন, একটি দোকানে গিয়ে দেখেছি, প্রতি ৫০ গ্রাম সোনায় ৮ পয়েন্ট করে কম দেওয়া হচ্ছে। এসব অপরাধে ১০ দোকানের মালিককে মোট এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে বিএসটিআই ময়মনসিংহের কর্মকর্তাসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।





















