ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নির্বাচনী কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ছুরিকাঘাতে নিহত ওই ব্যক্তি স্বতন্ত্র প্রার্থীর কর্মী বলে জানিয়েছে পুলিশ।
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উপজেলার এরশাদ বাজারে স্বতন্ত্র প্রার্থী ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সালমান ওমর রুবেলের নির্বাচনি কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম (৪২) উপজেলার রামসিংহপুর এলাকার হাজী মফিজ উদ্দিনের ছেলে। তিনি স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের কর্মী হিসেবে সক্রিয় ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে নির্বাচনী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান চলাকালে প্রতিপক্ষের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় নজরুল ইসলাম ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনার পরপর দুজনকে আটক করে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
স্টাফ রিপোর্টার 




















