বাংলাদেশ নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটদান আরও সহজ করতে বিশেষ উদ্যোগ নিতে যাচ্ছে। আগামী নভেম্বরের তৃতীয় সপ্তাহে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে ‘ভোট বিডি’ নামের মোবাইল অ্যাপ, যার মাধ্যমে বিদেশে অবস্থানরত ভোটাররা দেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। নির্বাচন কমিশনার (অব.) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বুধবার এক অনুষ্ঠানে এ তথ্য জানান।
তিনি বলেন, বর্তমানে দেশে পুরোপুরি অনলাইন ভোটিং ব্যবস্থা চালু করা সম্ভব নয়। তাই প্রবাসীদের জন্য একটি হাইব্রিড ভোটিং সিস্টেম তৈরি করা হচ্ছে। এতে ভোটার নিবন্ধন ও প্রক্রিয়ার কিছু অংশ অনলাইনে সম্পন্ন হবে, তবে চূড়ান্ত ভোট ডাকযোগে পাঠাতে হবে। এর ফলে প্রবাসীরা নিরাপদে এবং আইনগতভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
প্রবাসীদের জন্য শর্ত হচ্ছে— যেসব বাংলাদেশি নাগরিক জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকায় নিবন্ধিত আছেন, তাদের আলাদাভাবে ‘আউট অব কান্ট্রি ভোটিং’ এর জন্য নিবন্ধন করতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করার পরেই তারা ডাকযোগে ভোট দিতে পারবেন।
তবে এর বাস্তবায়নে কিছু সীমাবদ্ধতার কথাও উল্লেখ করেছেন কমিশনার। প্রধান চ্যালেঞ্জ হলো ভোটের গোপনীয়তা নিশ্চিত করা, সময়মতো ডাকযোগে ব্যালট পৌঁছানো ও ফেরত আনা, এবং কোনো আসনে প্রার্থীতা বাতিল হলে সেই ভোটের বৈধতা ধরে রাখা। এসব জটিলতার কারণে এখনই শতভাগ অনলাইন ভোটের ব্যবস্থা করা সম্ভব নয় বলে জানান তিনি।
বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী ভোটের অভিজ্ঞতা তুলে ধরে সানাউল্লাহ বলেন, বহু উন্নত দেশেও ডাকযোগে ভোট প্রক্রিয়ায় নানা সীমাবদ্ধতা ও সমস্যার মুখোমুখি হতে হয়। তবুও বাংলাদেশ নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটে অন্তর্ভুক্ত করতে নতুন প্রযুক্তিনির্ভর উদ্যোগ নিতে যাচ্ছে।
উল্লেখ্য, প্রবাসীদের ভোটাধিকার দীর্ঘদিনের দাবি। এবার প্রথমবারের মতো প্রযুক্তির মাধ্যমে সেটি বাস্তবায়নের পথে এগোচ্ছে নির্বাচন কমিশন। প্রবাসীরা আশা করছেন, এই উদ্যোগ তাদের দেশের রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করবে।
স্টাফ রিপোর্টার 





















