শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বনবিভাগের বাতকুচি বিট কার্যালয়ে বন্য হাতির একটি দল হানা দিয়ে অফিসঘর তছনছ করেছে। সোমবার (২৬ মে) রাত সাড়ে ৯টার দিকে পাহাড়ের টিলার ওপরে অবস্থিত কার্যালয়টিতে এ হামলার ঘটনা ঘটে।
বন বিভাগের মধুটিলা রেঞ্জ সূত্রে জানা গেছে, বিকেলেই একটি একক হাতি কার্যালয়ের আশেপাশে ঘোরাঘুরি করছিল। বিষয়টি জানতে পেরে বন বিভাগের কর্মীরা, স্থানীয় গ্রামবাসী ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা হাতিটিকে জঙ্গলে ফিরিয়ে দেন। তবে রাতেই ২০ থেকে ২৫টি হাতির একটি দল দলবদ্ধভাবে বিট কার্যালয়ে হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাতির দলের কয়েকটি সদস্য কার্যালয়ের দরজা-জানালা ভেঙে ফেলে। হাতির শাবকরা ঘরের ভেতরে ঢুকে রাখা চাল খেয়ে ফেলে এবং অফিসের তিনটি কক্ষের সব আসবাবপত্র ভাঙচুর করে। পরে দলটি দাওধারা কাটাবাড়ি জঙ্গলের দিকে সরে যায়।
ঘটনার খবর পেয়ে মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, “বিকেলে একটি হাতি একা ঘোরাঘুরি করছিল, কিন্তু রাতে পুরো একটি দল এসে অফিসটি একেবারে তছনছ করে দিয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”
সমশ্চুড়া বিট কর্মকর্তা কাওসার হোসেন জানান, বর্তমানে সমশ্চুড়া ও কাটাবাড়ি এলাকার জঙ্গলে দুটি হাতির দল অবস্থান করছে, প্রতিটিতে রয়েছে ৩০ থেকে ৩৫টি হাতি। বিট কার্যালয়ে হামলার পর ওই রাতেই আশেপাশের কয়েকটি বসতঘরেও হামলা চালিয়েছে তারা।
উল্লেখ্য, এর আগেও গত ২৮ মে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী বিট কার্যালয়ে একদল বন্য হাতি হামলা চালিয়ে দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে।
স্থানীয়রা বন বিভাগ ও প্রশাসনের কাছে দ্রুত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।





















