শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বাতকুচি গ্রামে বন্য হাতির আক্রমণে সুরতন নেছা (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুরতন নেছা ছিলেন মৃত রঙ্গু শেখের স্ত্রী।
বন বিভাগ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, গত পাঁচ-ছয়দিন ধরে উপজেলার দাওধারা-কাটাবাড়ি এলাকার পাহাড়ি টিলায় ৩৫ থেকে ৪০টি বন্য হাতির একটি দল অবস্থান করছিল। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তারা বাতকুচি গ্রামে হানা দেয়। তখন স্থানীয়রা মশাল জ্বালিয়ে ও হইচই করে হাতির দলটিকে জঙ্গলের দিকে তাড়িয়ে দেয়।
তবে রাত ৩টার দিকে আবারও ওই হাতির দল গ্রামে ফিরে আসে এবং সুরতন নেছার বসতঘরে হামলা চালায়। ঘরে একা থাকা অবস্থায় তিনি হাতির আক্রমণের শিকার হন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।
বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী বলেন, “বৃদ্ধা একাই বাড়িতে ছিলেন। বন্য হাতির আক্রমণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বৃষ্টির কারণে ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হচ্ছে। নিহত পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ পাওয়ার জন্য আবেদন করার পরামর্শ দেওয়া হবে।”





















