আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে সেটিতে কোনো দায়িত্বে থাকার ইচ্ছে নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সব দলের অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার (১১ জুন) যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত সংলাপে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, ঘোষিত সময়টি নির্বাচনের সঠিক সময়। ১৭ বছর পর ইতিহাসের সুন্দর নির্বাচন হবে।
সংস্কার কমিশন করার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, প্রতিটি প্রতিষ্ঠানের জন্য কমিশন তৈরি করেছি। আমরা তাদের সুপারিশের দিকে তাকিয়ে আছি। আমাদের কাজ হলো সব দলের ঐকমত্য তৈরি করা।
এ সময় আরেক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আমরা জুলাই সনদ আসার জন্য অপেক্ষা করছি। এই সনদটি জাতির সামনে জুলাই মাসের সনদ হিসেবে উপস্থাপন করা হবে।
অনুষ্ঠানে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের কূটনীতিক, গবেষক ও সাংবাদিকরা অংশ নেন। আলোচনায় ড. ইউনূস বাংলাদেশের আসন্ন নির্বাচন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক পথ অনুসরণ করার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।






















