নেত্রকোনার কেন্দুয়া ও মদন উপজেলার সীমান্তবর্তী দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে গরুর জন্য ঘাস কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মদন থানাধীন সাইডুলী নদীর সংলগ্ন এলাকায় ঘাস কাটাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানিয়েছে, সংঘর্ষে উভয় গ্রামের অন্তত ১০-১৫ জন আহত হয়েছেন।
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কেন্দুয়ার আহতদের মধ্যে ৮ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত জাহিম (৪৫), সাইকুল (২০), আউয়াল (২৩) ও তমাল (১৯) কে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দুয়ার কান্দিউড়া ইউনিয়নের জালালপুর গ্রামের সাফায়ত (৩৫) গরুর জন্য ঘাস কাটতে গেলে মদনের নায়েকপুর ইউনিয়নের বাঁশরি গ্রামের আলী বকসের ছেলে সুমনের নেতৃত্বে কয়েকজন এতে বাধা দেয়। এরই জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, বিষয়টি এখনো আমাদের জানানো হয়নি। তবে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্টাফ রিপোর্টার 




















