রাজধানীর পল্টনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অধীন ডিটেকটিভ ট্রেনিং স্কুলে (ডিটিএস) এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে ওই প্রশিক্ষণ কেন্দ্রের ডরমেটরি কক্ষ থেকে আফতাব উদ্দিন রিগান নামে এক উপ-পরিদর্শকের (এসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আফতাব উদ্দিন রিগান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল সিকিউরিটি বিভাগে কর্মরত ছিলেন। তিনি বর্তমানে সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুলে প্রশিক্ষণ নিতে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্টন থানার উপ-পরিদর্শক শামীম হাসান জানান, সকালে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, আফতাব উদ্দিন ‘৩৫তম আউটসাইডার ক্যাডেট এসআই’ ব্যাচের প্রশিক্ষণ শেষে ২০১৭ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলায়। প্রশিক্ষণের অংশ হিসেবে তিনি ডিটিএস-এর ডরমেটরিতে অবস্থান করছিলেন।
ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্তের উদ্যোগ নিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় কোনো প্রকার সন্দেহজনক দিক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনার খবরে প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত অন্যান্য পুলিশ সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পাশাপাশি বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন মহলেও উদ্বেগ দেখা দিয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
বর্তমানে পুলিশ ঘটনাস্থলের আলামত সংগ্রহ করেছে এবং নিহত কর্মকর্তার সহকর্মীদের সঙ্গে কথা বলছে। পরিবারকেও বিষয়টি জানানো হয়েছে।
স্টাফ রিপোর্টার 





















