ময়মনসিংহের নান্দাইল পৌরসভার পাছপাড়া এলাকায় আজ শনিবার (১৮ এপ্রিল) সকালে স্থানীয় রাজমিস্ত্রি কায়কোবাদ নামের এক যুবককে পার্শ্ববর্তী ভাটি সাভার এলাকার মহসিন (২৫) নামের এক যুবক খেলনা পিস্তল হাতে হুমকি দিতে এসে জনতার হাতে আটক হয়েছে।
গত শুক্রবার সকালে রাজমিস্ত্রি কায়কোবাদ পাছপাড়া নিজ এলাকায় রাস্তার পাশে দোকান ঘর নির্মাণের, নির্মাণ সামগ্রী রাস্তায় ফেলে যানজট সৃষ্টি করাকে কেন্দ্র করে কায়কোবাদ ও মহসিনের মাঝে বাক্-বিতর্কের সৃষ্টি হয়।
সামান্য কথা কাটাকাটিকে কেন্দ্র করে, ঘটনার পর দিন, শনিবার সকালে পুনরায় খেলনা পিস্তল দেখিয়ে হুমকি দেওয়ার সময় স্থানীয় লোকজন ধাওয়া করে মহসিনকে আটক করে, দোকান ঘরের খুঁটির সাথে বেঁধে রাখে।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পিস্তল সাদৃশ্য একটি খেলনা পিস্তল ও একটি ধারালো টিপ চাকু উদ্ধার করে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম এ বিষয়ে বলেন, মহসিন ভাটি সাভার এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ছিনতাই প্রস্তুতির মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 




















