বর্তমান সভ্যতা ধ্বংসের দিকে এগোচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পৃথিবীকে রক্ষায় ‘থ্রি জিরো ক্লাব’ গড়ে তোলার জন্য তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (৩০ মে) জাপানের টোকিওতে সোকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতাকালে তিনি বলেন, আমরা যে সভ্যতা তৈরি করছি, তা একটি আত্মবিধ্বংসী সভ্যতা, যা পৃথিবীকে ধ্বংস করে দেবে।
ড. ইউনূস বলেন, বর্তমান সভ্যতার কাঠামোর মধ্যে মানবজাতির টিকে থাকা কঠিন হয়ে পড়েছে, কারণ বিশ্বজুড়ে পরিবেশের ওপর ধ্বংসাত্মক কার্যক্রম অব্যাহত রয়েছে।
ড. ইউনূসের ‘থ্রি জিরো ক্লাব’ ধারণা মূলত তিনটি শূন্যের ভিত্তিতে গড়ে তোলা- শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ। তার মতে, ভবিষ্যৎ প্রজন্মকেই এ লক্ষ্য অর্জনের জন্য এগিয়ে আসতে হবে। এখন সবাই কেবল তাদের মুনাফা সর্বাধিক করতে চাচ্ছে। বিশ্বের সম্পদের সিংহভাগ এখন খুব অল্প কয়েকজনের হাতে কেন্দ্রীভূত, যাকে তিনি এক অভিশাপ হিসেবে উল্লেখ করেন।
‘থ্রি জিরো ক্লাব’ সম্পর্কে তিনি বলেন, পাঁচজন ব্যক্তি একত্রিত হয়ে একটি থ্রি জিরো ক্লাব গঠন করতে পারে, যেখানে তারা প্রতিজ্ঞাবদ্ধ থাকবে যে তারা জীবাশ্ম জ্বালানি ব্যবহার করবে না।
অনুষ্ঠানে সোকা বিশ্ববিদ্যালয় থেকে ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। বিশ্বব্যাপী সামাজিক উদ্ভাবন এবং বৈশ্বিক উন্নয়নের অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই ডিগ্রি প্রদান করা হয়।






















