বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে অবস্থানরত অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাবার ও সুপেয় পানি বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমানের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় ক্যাম্পাসে অবস্থানরত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে খাবার ও পানির বোতল তুলে দেওয়া হয়।
কর্মসূচি প্রসঙ্গে মো. আতিকুর রহমান বলেন, রাজনীতি কেবল ক্ষমতা কিংবা পদ-পদবির বিষয় নয়। মানুষের পাশে দাঁড়ানো, তাদের দুঃখ-কষ্ট উপলব্ধি করা এবং মানবিক দায়বদ্ধতা পালনই রাজনীতির প্রকৃত সৌন্দর্য। তারেক রহমানের জন্মদিন উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর এ উদ্যোগ মানবিক ও জনকল্যাণমুখী রাজনীতির প্রতিফলন।
তিনি আরও বলেন, মানুষের কল্যাণে কাজ করাই রাজনীতির অন্যতম প্রধান উদ্দেশ্য। এ লক্ষ্য সামনে রেখে বাকৃবি ছাত্রদলের পক্ষ থেকে প্রতি শুক্রবার পবিত্র জুমার নামাজের পর ক্যাম্পাসে অবস্থানরত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাবার বিতরণ করা হবে। এ ধরনের মানবিক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, শিক্ষার্থীদের অধিকার আদায়ের পাশাপাশি ক্যাম্পাসে বিভিন্ন মানবিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
স্টাফ রিপোর্টার 



















