প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আর্থনা (আমাদের পৃথিবী) শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ২১ এপ্রিল কাতার সফরে যাচ্ছেন।
তথ্যটি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ড. ইউনূস সম্মেলনে অংশ নিতে ২১ এপ্রিল কাতার রওনা হবেন এবং ২৩ এপ্রিল ঢাকা ফিরবেন।
২২ ও ২৩ এপ্রিল কাতারের দোহাতে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে ড. ইউনূস স্পিকার হিসেবে বক্তব্য দেবেন। আয়োজকদের পক্ষ থেকে তাঁকে আমন্ত্রণ জানানো হলে তিনি তা গ্রহণ করেছেন। বর্তমানে প্রধান উপদেষ্টার দপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয় তাঁর সফরের প্রস্তুতি নিচ্ছে।
উল্লেখ্য, কাতার ফাউন্ডেশনের আয়োজনে এবছর দ্বিতীয়বারের মতো এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে জলবায়ু পরিবর্তন এবং শুষ্ক অঞ্চলের পরিবেশের সঙ্গে অভিযোজন বিষয়ক করণীয় নিয়ে আলোচনা হবে।























