জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে নির্বাচনকালীন সময়সূচি নিয়ে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদের মধ্যে উত্তপ্ত বিতণ্ডা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ঘটনাটি ঘটে।
সূত্র জানায়, বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্য উপস্থাপন করেন এবং এরপর বিভিন্ন রাজনৈতিক দলের মতামত শোনেন। বিএনপির পক্ষে বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “৩১ ডিসেম্বরের পর নির্বাচন আয়োজনের কোনো সুযোগ নেই। বিএনপি তাতে রাজি নয়।”
এর জবাবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেন, “কিছু দল ভারতের সুরে কথা বলছে। তারা চাইছে ডিসেম্বরেই নির্বাচন হোক—এ দাবি ভারতের বক্তব্যের মতোই।”
নাহিদের এমন মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানান সালাহউদ্দিন। তিনি বলেন, “ডিসেম্বরে নির্বাচন চাইলে যদি তা ভারতের সুরে হয়, তবে যারা নির্বাচন পেছাতে চায়, তারা নিশ্চয়ই যুক্তরাষ্ট্র বা চীনের সুরে কথা বলছে।”
এই বক্তব্য ঘিরে বৈঠকে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তবে উপস্থিত অন্য রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।






















