ফরিদপুরে দলীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় জামায়াত নেতা মোসাদ্দেক আহমেদ (৪২) নিহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর পৌরসভার বদরপুর এলাকায় রোববার রাত পৌনে ৮টার দিকে।
মোসাদ্দেক ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মমিনখাঁরহাটের ইসাহাক কাজীর ছেলে। তিনি ফরিদপুর পৌর জামায়াত যুব বিভাগের সভাপতি এবং ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী ছিলেন। হাইওয়ে পুলিশ জানায়, মোসাদ্দেক ও এক অন্য ব্যক্তি মোটরসাইকেলে ফরিদপুর সদরের কানাইপুর থেকে শহরের দিকে যাচ্ছিলেন। পথে একটি অজ্ঞাত ট্রাক মোটরসাইকেলসহ ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই মোসাদ্দেকের মৃত্যু হয়।
খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। আহত মোটরসাইকেল চালককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেন্দ্রীয় জামায়াতের শুরা সদস্য ও ফরিদপুর-৩ আসনের মনোনীত প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াব জানান, রোববার নির্বাচনী প্রোগ্রামের পর ফেরার পথে মোসাদ্দেক দুর্ঘটনায় নিহত হন। প্রথম জানাজা সোমবার সকাল ১০টায় কোর্ট চত্বরে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জানাজা দুপুর দেড়টায় মমিনখার হাট উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়ার পর কবরস্থ করা হবে।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, ট্রাকটি শনাক্ত ও চালককে আটক করার চেষ্টা চলছে। পুলিশ ও সংশ্লিষ্টরা দ্রুত তদন্ত শুরু করেছে।
স্টাফ রিপোর্টার 






















