বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা আরও জোরদার করতে শুরু হয়েছে ১২তম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সংলাপ। আজ ১০ ডিসেম্বর থেকে আগামীকাল ১১ ডিসেম্বর পর্যন্ত রাজধানীতে সশস্ত্র বাহিনী বিভাগের আয়োজনে এ গুরুত্বপূর্ণ সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিচ্ছে দুই দেশের উচ্চপর্যায়ের সামরিক প্রতিনিধি দল।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২০১২ সাল থেকে নিয়মিতভাবে এই প্রতিরক্ষা সংলাপ আয়োজন করা হচ্ছে। এর ধারাবাহিকতায় এবারের সংলাপকে দুই দেশের পারস্পরিক সামরিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
আইএসপিআর জানায়, এই সংলাপে বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, আধুনিক সামরিক প্রযুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম, দুর্যোগ ব্যবস্থাপনা, শান্তিরক্ষা মিশন, সামরিক প্রশিক্ষণ, যৌথ মহড়া, কর্মশালা ও ভবিষ্যৎ সহযোগিতার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এসব আলোচনার মধ্য দিয়ে দুই দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন্স ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আলী হায়দার সিদ্দিকী। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল সারাহ রুস।
এই সংলাপে বাংলাদেশের পক্ষে সশস্ত্র বাহিনীর তিনটি শাখার পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ কোস্টগার্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিচ্ছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সংলাপের মাধ্যমে দুই দেশের সামরিক সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে। বিশেষ করে শান্তিরক্ষা কার্যক্রম, যৌথ প্রশিক্ষণ ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে। প্রতিরক্ষা সংলাপের মাধ্যমে দ্বিপাক্ষিক বন্ধুত্ব ও কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার 
























