ময়মনসিংহের ত্রিশালে বাবা-মাকে হত্যা করে বসত ঘরে লাশ পুঁতে রাখার অভিযোগে ছেলে রাজু মিয়াকে (২৬) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে তাকে আটক করে ত্রিশাল থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ত্রিশাল উপজেলার বাঁশতলী গ্রামের মোহাম্মদ আলী এবং রানোয়ারা বেগমকে হত্যা করে লাশ বসত ঘরে পুঁতে রাখে ছেলে রাজু মিয়া।
গতকাল বুধবার সকাল ১১টার দিকে রানুয়ারা বেগমকে গলাটিপে হত্যা এবং ওইদিন দিবাগত রাত ২টার দিকে মোহাম্মদ আলীকে কুরাল দিয়ে কুপিয়ে হত্যা করে তাদের ছেলে রাজু মিয়া। পরে তাদের দুইজনের লাশ বাসার ভেতরের একটি রুমে মাটি খুঁড়ে চাপা দেয়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহাম্মদ বলেন, রানোয়ারা বেগমকে গলা টিপে হত্যার পর লাশ বসত ঘরের একটি রুমে লুকিয়ে রাখা হয় পরে পাশের বাড়ি থেকে একটি কুড়াল এনে গভীর রাতে রাজু তার বাবাকে হত্যা করে। আজ সকালে তাদের দুইজনের লাশ মাটি চাপা দেয়।
তিনি আরও বলেন, বিয়ের পর রাজু বেকার হয়ে পড়ে। এনিয়ে সংসারে অশান্তি চলছিল। রাজুর ১১ মাস বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে। প্রায় সময় টাকা পয়সা নিয়ে বাবা মায়ের সাথে তার ঝগড়া হতো।
স্থানীয়রা বাবা মাকে হত্যার বিষয়টি থানায় জানালে বিকেল সাড়ে তিনটার দিকে রাজুকে আটক করা হয়। পরে আরও বিস্তারিত বলা যাবে।
স্টাফ রিপোর্টার 

























