ময়মনসিংহ সদর উপজেলার চর বিনপাড়ায় প্রায় ৪ হাজার মানুষের দীর্ঘদিনের স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে একটি সরকারি টিকাদান কেন্দ্রের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। আশির্বাদ মহিলা উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক শান্তি রামবারি এর উদ্বোধন করেন।
আশির্বাদ মহিলা উন্নয়ন সমিতি কমিউনিটি-লেড এবং কমিউনিটি ওনারশিপ ভিত্তিক উন্নয়ন পদ্ধতিতে চর বিনপাড়ায় কাজ করে থাকে। এই প্রক্রিয়ায় কমিউনিটির মানুষ নিজেরাই তাদের সমস্যা চিহ্নিত করে সমাধানের পরিকল্পনা গ্রহণ করেন এবং বাস্তবায়নে নেতৃত্ব দেন।
এই ধারাবাহিক প্রক্রিয়ায় চর বিনপাড়ার মানুষ সরকারি টিকাদান কেন্দ্রের প্রয়োজনীয়তা চিহ্নিত করেন। পরে কমিউনিটির “জাগরণ” ইয়ুথ টিম এই উদ্যোগের নেতৃত্ব গ্রহণ করে। তারা বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা সৃষ্টি করেন, এক হাজারেরও বেশি মানুষের স্বাক্ষর সংগ্রহ করে সংশ্লিষ্ট সরকারি দপ্তরে আবেদন জমা দেন এবং দীর্ঘ সময় ধরে বিষয়টি অনুসরণ করেন। তাদের ধারাবাহিক প্রচেষ্টা ও সরকারি বিভিন্ন দপ্তরের সহযোগিতায় চর বিনপাড়ায় সরকারি টিকাদান কেন্দ্র অনুমোদন লাভ করে।
বর্তমানে প্রতি মাসের প্রথম সোমবার এই কেন্দ্রে নিয়মিত টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ফলে চর বিনপাড়া ও আশপাশের এলাকার প্রায় ৪ হাজার মানুষ সহজেই সরকারি টিকাদান ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আশির্বাদ মহিলা উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক শান্তি রামবারি বলেন, “টেকসই উন্নয়নের মূল শক্তি হলো কমিউনিটির মানুষের অংশগ্রহণ, নেতৃত্ব এবং ওনারশিপ। চর বিনপাড়ার এই সরকারি টিকাদান কেন্দ্র প্রমাণ করেছে যে, মানুষ যখন নিজের উন্নয়নের দায়িত্ব নিজেরাই গ্রহণ করে এবং সম্মিলিতভাবে কাজ করে, তখন স্থায়ী পরিবর্তন সম্ভব হয়।”
স্থানীয় বাসিন্দারা জানান, টিকাদান কেন্দ্র চালু হওয়ায় তাদের সময়, যাতায়াত ব্যয় ও দুর্ভোগ উল্লেখযোগ্যভাবে কমেছে। শিশু, গর্ভবতী নারী ও কিশোরীরা এখন নিয়মিত টিকা ও স্বাস্থ্যসেবা নিজ এলাকায় সহজেই গ্রহণ করতে পারছেন।





















