বাবা ও মা কাজে গেলে বাড়িতে একা পেয়ে দৃষ্টি প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণ করে প্রতিবেশী এক কিশোর। এতে ওই তরুণী ৩ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।
এ ঘটনায় ভুক্তভোগী ওই তরুণীর বাবা গত রবিবার বিকালে নালিতাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ রোববার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত জীবনকে আটক করে কারাগারে পাঠিয়ে দেয়।
ধর্ষণের শিকার ওই তরুণীর বাড়ি উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা গুচ্ছগ্রামে। গ্রেফতারকৃত কিশোর একই গুচ্ছগ্রামের বাসিন্দা আব্দুল বারেকের ছেলে জীবন মিয়া (১৫) ।
জানা গেছে, ওই তরুণীর বাবা ও মা উভয়েই নিকটস্থ নাকুগাঁও স্থলবন্দরে পাথর ভাঙার কাজে বের হয়ে যাওয়ায় বাড়িতে একা পেয়ে তাকে ধর্ষণ করে। এর ফলে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তার শারীরিক অবস্থার পরিবর্তন ঘটে।
তরুণীর পরিবারের লোকজন বিষয়টি লক্ষ্য করতে পেরে তার কাছে জানতে চাইলে সে জানায়, প্রতিবেশী জীবন তাকে বাড়িতে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে নালিতাবাড়ী উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে বিভিন্ন পরীক্ষা শেষে ডাক্তার জানায় সে ৩ মাসের অন্তঃসত্ত্বা।
নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, এ ঘটনায় কিশোরীর বাবা অভিযুক্ত ধর্ষণকারীকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অভিযোগ করেন। ভিকটিমের বাবার অভিযোগটি আমলে নিয়ে রোববার রাতে আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।





















