ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় বাজার থেকে বাড়ি ফেরার পথে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক পার হওয়ার সময় ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় ঘটনাস্থলেই মারা যান চিড়া মিলের শ্রমিক নজরুল ইসলাম(৫৫)।
আজ(৮ জুন) আনুমানিক রাত ৮ টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের মরাখলা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় উপস্থিত জনতা ইজিবাইক চালক হৃদয় মিয়াকে (২২) আটকের পর পিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।
নিহত নজরুল ইসলামের বাড়ি ঈশ্বরগঞ্জ পৌর শহরের শিমরাইল গ্রামের তালতলা এলাকায়। তিনি ওই গ্রামের নূর মোহাম্মদ মৌলভীর ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম ঈশ্বরগঞ্জ পৌর বাজারের একটি চিড়ার মিলে শ্রমিকের কাজ করতেন। প্রতিদিন সকালে বাড়ি থেকে বের হয়ে সারাদিন কাজে শেষে সন্ধ্যার পর বাড়ি ফিরে যেতেন। প্রতিদিনের ন্যায় সোমবার সন্ধ্যার পরও কাজ শেষে বাড়ি যাচ্ছিলেন নজরুল ইসলাম। পথে ঈশ্বরগঞ্জ পৌর শহরের মরখলা এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক পার হওয়ার সময় ব্যাটারিচালিত ইজিবাইক পিষে দেয় নজরুলকে। এতে ঘটনাস্থলেই মারা যান নজরুল। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল
নজরুলকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি ঘটনাস্থলেই মারা গেছেন।
ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন,’নিহত নজরুল ইসলামের মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। ইজিবাইক ও চালক পুলিশ হেফাজত আছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 



















