ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কাঠামো বাতিল ও বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) গঠনের দাবিতে সড়ক অবরোধ করেছেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (৯ জুলাই) সকাল ১০টা থেকে তারা ময়মনসিংহের রহমতপুর বাইপাস মোড় অবরোধ করেন। এতে ময়মনসিংহ-টাঙ্গাইল, ময়মনসিংহ-জামালপুর, ঢাকামুখী বাইপাস ও টাউনহলমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। প্রসঙ্গত, চলতি বছরের ১৮ মে ওই কলেজের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ধ্রুবজিৎ কর্মকার আত্মহত্যা করেন। শিক্ষার্থীদের অভিযোগ, প্রচলিত শিক্ষাব্যবস্থার চাপেই সে এমন সিদ্ধান্ত নেয়।
এই ঘটনার পর ২০ মে থেকে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামেন। ঈদের পর ১৪ জুন কলেজ খুললেও তারা পাঠদান ও পরীক্ষায় অংশ নেননি। ২৪ জুন থেকে প্রশাসনিক ভবনে তালা দিয়ে প্রশাসনিক কার্যক্রমও বন্ধ রাখেন। দাবি পূরণ না হওয়ায় ৫ জুলাই থেকে আন্দোলনের নতুন ধাপে বিআইটি গঠনের দাবিতে কর্মসূচি শুরু করেন তারা।























