আন্তর্জাতিক ইনকামিং কলের টার্মিনেশন রেট ও রেভিনিউ শেয়ার অবৈধভাবে কমিয়ে রাষ্ট্রকে প্রায় ৯ হাজার কোটি টাকার ক্ষতি করার অভিযোগে দুদকের সাবেক কমিশনার মো. জহুরুল হকসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির ইতিহাসে প্রথমবারের মতো কমিশনার পর্যায়ের কোনো কর্মকর্তার বিরুদ্ধে সরাসরি দুর্নীতির মামলা হলো।
দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির পরিচালক জালাল উদ্দীন আহমেদ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়—২০১৫ সালের অক্টোবর থেকে ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে বিটিআরসি সরকারের অনুমোদন ছাড়াই পরীক্ষামূলক রেট কমিয়ে দেয়। আন্তর্জাতিক কল টার্মিনেশন রেট ০.০৩ ডলার থেকে কমিয়ে করা হয় ০.০১৫ ডলার। একই সঙ্গে সরকারি রেভিনিউ শেয়ার ৫১.৭৫ শতাংশ থেকে কমিয়ে ৪০ শতাংশ করা হয়। বিপরীতে আইজিডব্লিউ অপারেটরদের অংশ বাড়িয়ে ১৩.২৫ থেকে ২০ শতাংশ করা হয়—যা সম্পূর্ণ অননুমোদিত।
এই সিদ্ধান্তে সরকারের যে আর্থিক ক্ষতি হয়েছে তা তিন ভাগে উল্লেখ করা হয়েছে—
রেভিনিউ শেয়ার কমানোয় ৩৮৩ কোটি ৭৩ লাখ টাকা
কম রেটে কল টার্মিনেশনে ২ হাজার ৯৪১ কোটি ৯৯ লাখ টাকা
বৈদেশিক মুদ্রা দেশে না আসায় ৫ হাজার ৬৮৫ কোটি ১ লাখ টাকা
সব মিলিয়ে মোট ক্ষতি দাঁড়ায় ৯ হাজার ১০ কোটি ৭৪ লাখ টাকা।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন:
বিটিআরসির সাবেক চেয়ারম্যান সুনীল কান্তি বোস
সাবেক ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান
সাবেক চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ
সাবেক কমিশনার মো. জহুরুল হক
সাবেক কমিশনার মো. রেজাউল কাদের
মো. আমিনুল হাসান
অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক কমিশনার জহুরুল হকের বিরুদ্ধে আরও একটি পৃথক অনুসন্ধান চলছে বলেও জানা গেছে। তিনি ২০২১ সালের ১০ মার্চ দুদকে যোগ দিলেও ২০২৪ সালের ৩০ অক্টোবর পদত্যাগ করেন।
স্টাফ রিপোর্টার 























