আজ ৫ জুন, বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছরই এই দিনটি পালন করা হয়ে থাকে। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে।
এ বছরের পরিবেশ দিবসের প্রতিপাদ্য ‘প্লাস্টিক দূষণ আর নয়’, এবং স্লোগান ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’। এর লক্ষ্য হলো—প্লাস্টিক ও অন্যান্য দূষণের কারণ চিহ্নিত করে তা প্রতিরোধে নীতি নির্ধারণ, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের দিকে পদক্ষেপ গ্রহণে উৎসাহ দেওয়া।
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP)-র উদ্যোগে ১৯৭৩ সাল থেকে এই দিবসটি আন্তর্জাতিকভাবে পালন হয়ে আসছে। বর্তমানে বিশ্বের ১৪৩টিরও বেশি দেশে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
বাংলাদেশেও সরকারি ও বেসরকারি পর্যায়ে র্যালি, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনাসভাসহ নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করা হচ্ছে। প্লাস্টিক দূষণ প্রতিরোধে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে শক্তিশালী পদক্ষেপের প্রয়োজনীয়তা অনুধাবন করে এরই মধ্যে একটি আন্তর্জাতিক চুক্তি প্রণয়নের কাজ চলমান রয়েছে জাতিসংঘের পরিবেশ অ্যাসেম্বলির অধীনে।
তবে বাংলাদেশে ৫ জুন ঈদুল আজহার সরকারি ছুটি থাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আগামী ২৫ জুন আনুষ্ঠানিকভাবে দিবসটি উদযাপন করবে। সেদিন প্রধান উপদেষ্টা জাতীয় বৃক্ষরোপণ অভিযান, মাসব্যাপী বৃক্ষমেলা ও পরিবেশ মেলার উদ্বোধন করবেন। একই অনুষ্ঠানে জাতীয় পরিবেশ পদক, বৃক্ষরোপণ এবং বন্যপ্রাণী সংরক্ষণে অবদানের জন্য জাতীয় পদকও প্রদান করা হবে।





















