ময়মনসিংহের ভালুকায় জমিতে ধান রোপণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বরাইদ গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ওই গ্রামের মৃত আঃ বারেকের ছেলে মোঃ মাহাবুল আলম খান এবং একই এলাকার মোঃ রুবেল মিয়া।
আহত মাহাবুল আলম খান জানান, গত ৬ আগস্ট রাতে তিনি রুবেল মিয়াকে নিজের জমিতে ধান রোপণের কথা বলেন। পরদিন সকালে রুবেল কাজ শুরু করতে তার বাড়িতে এলে একই এলাকার মৃত আছু শেখের ছেলে মোঃ হান্না মিয়া ও মোঃ শুকুর আলী এসে তাদের গালমন্দ শুরু করেন এবং রুবেলকে তাদের ক্ষেতে কাজ করতে বলেন।
একপর্যায়ে হান্না মিয়া রুবেল মিয়াকে এলোপাতাড়ি মারধর করেন। এসময় মাহাবুল আলম বাধা দিলে শুকুর আলী তাকেও কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে হান্না মিয়া হাতে থাকা বাঁশ দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করলে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে মাহাবুলের ডান হাতের কনুইতে লাগে। এতে তার হাতের হাড় ভেঙে যায়।
চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা খুন ও জখমের হুমকি দিয়ে চলে যায়। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন।
এ ব্যাপারে অভিযুক্ত হান্না মিয়া কোনো বক্তব্য দিতে রাজি হননি।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ভালুকা অফিস 




















