ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আওলাতলী মধ্যপাড়া এলাকায় নালিশী ভূমিতে অনুপ্রবেশ করে জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় ফয়সাল সরকার, গোলাম রাব্বি, বিল্লাল হোসেন, আবুল কালাম গনি, সাদেক হোসেন, ফাহিমা আক্তার ও রহিমার বিরুদ্ধে। এ ঘটনায় ভূক্তভোগী মো. আব্দুল হাই ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, শুক্রবার গভীর রাতে অভিযুক্তরা অন্তত ৪০ জন ভাড়াটে লোকজনকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্র, কাঁটাতারের বেড়া, কংক্রিটের পিলার ও সাইনবোর্ডসহ পাড়াগাঁও মৌজায় অবস্থিত উক্ত জমিতে প্রবেশ করে দখলের চেষ্টা চালায়। পরিস্থিতি বেগতিক দেখে আব্দুল হাই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।
আব্দুল হাইয়ের দাবি, নালিশী জমিটি নিয়ে বিজ্ঞ জেলা জজ আদালত ও আমলী আদালতের একাধিক নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও অভিযুক্তরা প্রভাব খাটিয়ে জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবীর বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।























