ময়মনসিংহের ভালুকায় স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের নির্বাচনী প্রচারণায় একের পর এক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। তিনি এসব ঘটনার জন্য ধানের শীষের কর্মী-সমর্থকদের দায়ী করেছেন। এসব ঘটনার প্রতিবাদে তিনি উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া এলাকার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গত রোববার (২৫ জানুয়ারি) বাটজোর বাজারে প্রচারণা শুরুর পর তার ওপর হামলা চালানো হয়। পরিস্থিতি শান্ত রাখতে তিনি এলাকা ত্যাগ করেন। পরে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে হরিণ প্রতীকের কর্মী-সমর্থকদের ওপর হামলা, যানবাহন ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে একাধিক মোটরসাইকেল ও যানবাহন পুড়ে যায় এবং বেশ কয়েকজন আহত হন।
তিনি আরও বলেন, সোমবার (২৬ জানুয়ারি) সকালে পৌরসভার ৮নং ওয়ার্ডে এক সমর্থককে বাসা থেকে ডেকে নিয়ে মারধর করা হয়। এছাড়া বিভিন্ন ইউনিয়নে মহিলা কর্মীদের প্রচারণায় বাধা দেওয়া হয় এবং প্রচারণার সরঞ্জাম আটকে রাখা হয়।
মুহাম্মদ মোর্শেদ আলম অভিযোগ করে বলেন, সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি প্রশাসনের পক্ষ থেকেও কোনো সহযোগিতা পাচ্ছেন না বলেও অভিযোগ করে। সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ছারুয়ার জাহান এমরান, সদস্য সিরাজুল ইসলাম ঢালী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, মহিলা দলের বহিস্কৃত নেত্রী খালেদা নার্গিস প্রমুখ।






















