মরক্কোর সঙ্গে প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর হতাশা ঝেড়ে ফেলে হাইতির বিপক্ষে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে কার্লো আনচেলত্তির দল।
ম্যাচের শুরু থেকেই হাইতির রক্ষণভাগে চাপ সৃষ্টি করে ব্রাজিল। ১২ মিনিটে রাফিনিয়ার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। পরে আরও একটি সহজ সুযোগ নষ্ট করেন তিনি। তবে ২৩ মিনিটে গোলের দেখা পায় ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়রের শট গোলরক্ষক জনি প্লাসিড ঠেকালেও ফিরতি বলে জালে বল পাঠান মাতেউস কুনহা।
প্রথম গোলের পর আক্রমণের ধার আরও বাড়ায় সেলেসাওরা। ৩৬ মিনিটে ভিনিসিয়ুসের নিখুঁত থ্রু পাস থেকে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় ও দলের দ্বিতীয় গোল করেন কুনহা। প্রথমার্ধের শেষ দিকে চোট পেয়ে মাঠ ছাড়েন রাফিনিয়া, তার বদলি হিসেবে নামেন তরুণ উইঙ্গার রায়ান।
প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নিজের নামও স্কোরশিটে তোলেন ভিনিসিয়ুস জুনিয়র। গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠিয়ে ব্রাজিলের লিড ৩-০ করেন তিনি।
দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে ব্রাজিল। ৬৪ মিনিটে কুনহা ও লুকাস পাকেতার পরিবর্তে মাঠে নামেন এনদ্রিক ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। ৭৮ মিনিটে এনদ্রিক বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হলেও ৩-০ ব্যবধানের স্বস্তিদায়ক জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর এই জয় দলটির আত্মবিশ্বাস বাড়াবে এবং গ্রুপ পর্বের পরবর্তী লড়াইয়ে বাড়তি প্রেরণা জোগাবে।

স্পোর্টস ডেস্ক 

























