নেত্রকোনার মদনে কুখ্যাত মাদক ব্যবসায়ী, ডাকাতি মামলার আসামি ও মদন ইউনিয়ন বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: আরিফুল ইসলাম ওরফে আরিফকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মদন-কেন্দুয়া সড়কের চৌরাস্তার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, ইয়াবা ব্যবসায়ী ও মাদক সম্রাট ইউনিয়ন তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে। এ ব্যবসা করে আরিফ দুটি বাস ও একটি আলিশান বাড়ি নির্মাণ করেছে। ২০১৩ সালে গাইবান্ধায় একটি ডাকাতির ঘটনায় আরিফকে আসামি করা হয়। এ মামলায় দীর্ঘদিন ধরে সে ওয়ারেন্টভুক্ত আসামি ছিল। বুধবার সেনাবাহিনীর একটি টিম পৌর সদরের চৌরাস্তার মোড়ে চট্টগ্রামগামী তার মাইজভান্ডারী পরিবহনের বাস থেকে মদন সেনাবাহিনীর বিএ-১১৯৪৯ লে: মো: শাহরিয়ার আহমেদের নেতৃত্বে ঘটনাস্থলে অভিযান চালায় এবং মদন চৌরাস্তার মোড় থেকে আরিফুল ইসলাম ওরফে আরিফকে গ্রেফতার করে পুলিশের হাতে হস্তান্তর করে।
লে: মো: শাহরিয়ার আহমেদ বলেন, কুখ্যাত মাদক ব্যবসায়ী মো: আরিফুল ইসলাম ওরফে আরিফকে ক্যাম্প এফআইইউ-এর তথ্যের ভিত্তিতে মাইজভান্ডারী পরিবহনে অবস্থান করতে দেখা যায়। এ সময় আমার নেতৃত্বে মদন আর্মির একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে মদন বাজার সংলগ্ন এলাকা থেকে অপরাধীকে আটক করি। পরবর্তীতে তাকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়। উক্ত অপরাধীর নামে ডাকাতি, মাদক ব্যবসাসহ একাধিক অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে এবং পুলিশ দীর্ঘদিন ধরে তাকে ধরার চেষ্টা চালাচ্ছিল।
মদন থানার ওসি শামসুল আলম শাহ জানান, গাইবান্ধায় ২০১৩ সালের একটি ডাকাতি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ছিল আরিফুল ইসলাম। এ মামলাতেই মূলত তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হবে।
স্টাফ রিপোর্টার 






















